ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ট্রলারে টেকনাফ ফিরেছেন সেন্ট মার্টিনে আটক পর্যটকদের একাংশ

বৈরি আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে সেন্ট মার্টিনে আটকা পড়া পর্যটকদের মধ্যে প্রায় সাড়ে চারশজন সার্ভিস ট্রলারে করে টেকনাফে ফিরেছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সেন্ট মার্টিন জেটিঘাট থেকে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে ১১টি ট্রলার যাত্রা শুরু করে। পরে সেগুলো সাড়ে ১২টার দিকে টেকনাফ শাহ পরীর দ্বীপ জেটিতে পৌছায় বলে জানিয়েছেন সেন্ট মার্টিন সার্ভিস ট্রলার মালিক সমবায় সমিতির সভাপতি আব্দুর রশিদ।তিনি বলেন, ট্রলারগুলোয় সাড়ে পাঁচশ যাত্রী ছিলেন, তাদের মধ্যে সাড়ে চারশ জনই পর্যটক।


গত ১৮ নভেম্বর কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ নামের চারটি জাহাজে করে পর্যটকরা সেন্ট মার্টিন ভ্রমণে যান। পরে আবহাওয়ার অবনতি ও সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েন।


সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, জরুরি প্রয়োজনে, অসুস্থতা এবং নিজ উদ্যোগে দ্বীপ ছাড়তে আগ্রহীদের ১১টি সার্ভিস ট্রলারে করে সাড়ে পাঁচশ স্থানীয় ও পর্যটক টেকনাফে পাঠানো হয়েছে। দ্বীপে এখনো বেশ কিছু পর্যটক আটকা পড়েছেন। তবে তারা স্বাভাবিকভাবে আবার কিছু হোটেলে বিনামূল্যে থাকার ব্যবস্থাও করা হয়েছে। অসুস্থ পর্যটকদের নিরাপদে টেকনাফে পাঠানোর উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।


এদিকে সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কক্সবাজার-সেন্ট মার্টিনসহ সংশ্লিষ্ট বিভিন্ন নৌপথে পর্যটকবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ফলে জাহাজের মাধ্যমে দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, এখনও ৩ নম্বর সংকেত বলবৎ আছে। তবে আজ (শনিবার) সংকেত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার থেকে আবহাওয়া ভালো হতে শুরু করবে এবং সোমবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন থেকে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করবে। অর্থাৎ শীত ক্রমান্বয়ে বাড়বে।”


শনিবার আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে রোববার থেকে পুনরায় জাহাজ চলাচল শুরু হতে পারে। বিআইডব্লিউটিএর চট্টগ্রাম কার্যালয়ের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ থেকে জারি করা আবহাওয়া সতর্কীকরণ নৌ-বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বিভাগের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন নৌপথে চলাচলকারী নৌযানের মালিক ও মাস্টারদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেয়া হয়েছে।


নির্দেশনা অনুযায়ী, চট্টগ্রাম-চরগজারিয়া, কুমিরা-গুপ্তছড়া, বাঁশখালী-কুতুবদিয়া, পেকুয়া-কুতুবদিয়া, কক্সবাজার-মহেশখালী, টেকনাফ-সেন্ট মার্টিন ও নোয়াখালী-হাতিয়াসহ সংশ্লিষ্ট বিভিন্ন নৌপথে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পর্যটকবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।


সী ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, বৈরি আবহাওয়ার কারণে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।


পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। শনিবার আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে রোববার থেকে পুনরায় জাহাজ চলাচল শুরু হতে পারে। সব মিলিয়ে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন দ্বীপে অবস্থানরত পর্যটক, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ads
ads
ads

Our Facebook Page

↑